আল কায়েদার হুমকির বিষয়টি মাথায় রেখে ২১ ফেব্রুয়ারি রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।  
বুধবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বেনজির  বলেন, আল কায়েদার অডিও বার্তাটি আরও দুইমাস আগে প্রচার করা হয়েছে। ওই ঘটনা নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন তদন্ত করছেন। তিনি আশা প্রকাশ করেন, ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মত এবারও নগরবাসী সহায়তা করবেন।
তিনি আরও বলেন, জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে নীলক্ষেত, কাঁটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ২৮টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হবে। একইসঙ্গে ৫৭টি সিসি ক্যামেরার মাধ্যমে শহীদ মিনারের আশেপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকের গোয়েন্দা, নারী গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্স শহীদ মিনারের আশেপাশের এলাকায় নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
[b]ঢাকা,১৯ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]