শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি চাষাঢ়া শহীদ মিনার ঝাড়ু দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাঢ়া শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা, শহীদ মিনারের পবিত্রতা রক্ষার সচেতনা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ জনকে সাজা প্রদান করেন ইউএনও। এছাড়াও শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার জন্য সাংবাদিক ও যুবকদের নিয়ে নবগঠিত পরিষ্কার পরিচ্ছন্নতা টিমের সঙ্গে চা পান করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম বলেন, ‘এখন থেকে প্রতি সপ্তাহে সবাইকে নিয়ে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আড্ডার ব্যবস্থা করা হবে। এখানে অনেক ভাসমান লোকজন আসেন যারা নিজেরা শিক্ষিত না। তাদের ভ্রাম্যমাণ গণশিক্ষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও শহীদ মিনারে পবিত্রতা রক্ষার অভিযান নিয়মিত চলবে। শহীদ মিনারে কেউ ধূমপান করবেন না। এখানে সবাই বসে আড্ডা দিবেন। জ্ঞান-বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন। শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করবেন।’

এসময় শহীদ মিনারে উপস্থিত সাংবাদিক রাসেল, শ্রমিক নেতা অঞ্জন দাস বলেন, এ রকম ভালো কাজের সাধুবাদ জানাই। প্রশাসনের পাশাপাশি আমাদের নাগরিক ও মানবিক দায়িত্ব শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই