এক সপ্তাহে মাদারীপুরের শিবচরের তিনটি ইউনিয়নের প্রায় এক হাজার ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন কয়েক হাজার মানুষ। পদ্মার পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে ফসলি জমি, বীজতলা ও সবজি বাগান। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের কিছু চাল ও টাকা দেওয়া হয়েছে।

জানা যায়, পদ্মায় পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের ৬০০, সন্ন্যাসীরচর ইউনিয়নের ৩০০ ও শিরুয়াইল ইউনিয়নের ৩০-৪০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওইসব এলাকার এক হাজার পরিবারের কয়েক হাজার সদস্য। তলিয়ে গেছে কয়েক ফসলি জমি। একদিকে পদ্মায় ঘরবাড়ি হারিয়ে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে ওই এলাকায়।

শিবচর উপজেলার সহকারী ভূমি কমিশনার মমিনউদ্দিন জানান, যেসব ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তাদের পাশে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে দুই টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবারও এক টন চাল ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। যথাশিগগিরই আশ্রয়হীন পরিবারদের পুনর্বাসন করা হবে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআাই