এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়াতেই রাজধানীর বাসাবোয় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন ইয়াসমিন সুলতানা পুতুল (১৯) নামে এক ছাত্রী।
পুতুল চাঁদপুর মহিলা কলেজ থেকে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বদরপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান আব্বাসির মেয়ে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পুতুলের মরদেহ শনাক্ত করে এ কথা জানায় তার মামা গিয়াসউদ্দিন।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সোমবার বিকাল সাড়ে ৫টায় বাসাবোর রেলওয়ে ওভারব্রিজের নিচের রেললাইনে এ ঘটনা ঘটে। এইচএসসি পরীক্ষার পর ওই ছাত্রী রাজধানীর মিরপুরে তার মামার বাসায় বেড়াতে আসে। পরীক্ষার ফল প্রকাশ হলে অকৃতকার্য হওয়ার খবরে সে আত্মহত্যা করে।
ওই ছাত্রীর লিখে যাওয়া একটি চিরকুট থেকে এ ব্যাপারে জানা গেছে বলে জানান ওসি।
কেএইচ





