মিয়ানমারে মুসলিমদের ওপর চালানো গণহত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে এই পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। এই ইস্যুতে সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ (বৃহস্পতিবার) ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করবে বাংলাদেশ।

উদ্বাস্তু রোহিঙ্গাদের অনিচ্ছা ও মিয়ানমার সম্পর্কে তাদের মাঝে আস্থার ঘাটতির কারণে প্রত্যাবাসন শুরুর সর্বশেষ প্রচেষ্টাটি ব্যর্থ হওয়ায় এই উদ্যোগ নেওয়া হলো।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকাল ৪টয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবেন বলে এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ব্যাপক প্রস্তুতির পরও রোহিঙ্গাদের অনিচ্ছার কারণে ২২ আগস্ট দ্বিতীয়বারের মতো আটকে যায় স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর কার্যক্রম। এদিন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গারা রাজি না হওয়ায় আজ প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না।”

এর আগে, রোহিঙ্গাদের প্রথম দলের ফেরার কথা ছিল গত বছরের ১৫ নভেম্বর। কিন্তু রাখাইনে অনুকূল পরিবেশ না থাকায় রোহিঙ্গারা ফিরতে রাজি না হওয়ায় এই কার্যক্রম স্থগিত করা হয়।

গতকাল (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান চ্যালেঞ্জ ও আগামীতে কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আলোচনা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র-বৌদ্ধরা মুসলমানদের উপর নতুন করে গণহত্যা-ধর্ষণ ও অগ্নিসংযোগ চালাতে থাকে। ফলে প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও প্রায় ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে আছে।

পুরনোসহ উখিয়া-টেকনাফের ৩১টি শিবিরে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। তবে জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ১১ লাখ ৮৫ হাজার ৫৫৭। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

এরপর কূটনৈতিক প্রচেষ্টায় তাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া চালানো হয়। কিন্তু দফায়-দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। গত বছরের শেষ সময়ে এবং চলতি বছরের শুরুতে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা দিলেও কথা রাখেনি মিয়ানমার।

মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। মিয়ানমার সরকারের দাবি, রোহিঙ্গারা হলো বাংলাদেশি, যারা বর্তমানে অবৈধভাবে মিয়ানমারে বসবাস করছে।

এমবি