সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আমজাদ হোসেন মিলন মনোনয়ন উত্তোলন করেছেন।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএমের সভাপতি ডা. জহুরুল হক রাজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ইউনিট কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, তার মেয়ে মিসেস হোসনে আরা লাভলী, ছেলে ম ম জাকির মিলন জুয়েল প্রমুখ।   

সোমবার সন্ধ্যায় গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে গাজী আমজাদ হোসেন মিলনকে নির্বাচিত করা হয়।
 

স্বাধীনতার পর এই প্রথম সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে তাড়াশ উপজেলা থেকে আমজাদ হোসেন মিলন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের দলীয় টিকেট নিয়ে মনোনয়নপত্র উত্তোলনের সংবাদ তার নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উৎফুল্ল বিরাজ করছে। এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং বিভিন্ন মসজিদে দোয়া কামনা করা হয়েছে। এছাড়াও তার সমর্থিত নেতাকর্মীরা নতুন উদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  

মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার একাংশের সার্বিক উন্নয়ন ও দলকে সুসংগঠিত করতে গাজী আমজাদ হোসেন মিলনকে এ আসনে মনোনয়ন দিয়েছেন।

গত ৬ অক্টোবর এ আসনে তিনবার নির্বাচিত এমপি আলহাজ্ব গাজী ইসহাক হোসেন তালুকদার ইন্তেকাল করার কারণে আসনটি গত ২৮ অক্টোবর শূন্য ঘোষণা হয়। ১১ নভেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২০ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ৩০ নভেম্বর, মনোনয়ন ঘোষণা ১ ডিসেম্বর ও নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

জেআই