পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনকে ‘বিতর্কিত’ ও ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তাদের পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণা করে প্রতিহত করার লক্ষ্যে রাঙামাটি জেলায় ৬টি বাঙালি সংগঠনের ডাকা দুইদিনের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

তবে শহরে আভ্যন্তরীণ যান চলাচলকে এ অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের করাতকল শ্রমিক সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনগুলো ৪ ও ৫ জুলাই দুইদিনের সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়।
অবরোধ আহ্বানকারী সংগঠনগুলো হলো, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ,পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ,পার্বত্য সমঅধিকার ছাত্র আন্দোলণ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি এবং রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বগাছড়ি এলাকায় বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা পিকেটিং করছে। এছাড়া শহরের প্রবেশমুখ ভেদভেদী এলাকাতে বেশকিছু গাড়ি আটক করেছে তারা।

এদিকে, অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলোর সড়ক ও নৌ যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস বা লঞ্চ শহর ছেড়ে যায়নি কিংবা শহরে প্রবেশ করতে পারেনি। তবে শহরের আভ্যন্তরীণ পরিবহনের একমাত্র বাহন অটোরিকশাসহ ব্যক্তিগত ও সরকারি যানগুলো শহরে চলাচল করছে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ