বগুড়ায় পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালকের সহযোগী আব্দুর রহিম (৩০) মারা গেছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার বগুড়ার মোকামতলা থেকে ফার্নিচার বোঝাই ট্রাকটি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ট্রাকের মধ্যে চালক, হেলপার এক ব্যবসায়ী ছিলেন।
নূনগোলা এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে পিরোজপুরের কাউখালী উপজেলার হোগলদেবতা গ্রামের তবিরুল ইসলামের ছেলে ট্রাকচালক তিতেন (৪০), সাতক্ষীরা জেলা সদরের মৃত আলেপ মণ্ডলের ছেলে হেলপার আব্দুর রহিম (২৫) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেকাতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী সাজু (৩০) দগ্ধ হন।
তাদের উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ঢামেকের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হলে আব্দুর রহিমের মৃত্যু হয়।
জেএ





