রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম মো: সোহেল রানা (৩০)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বার্জার পেইন্টসংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা লালমনিরহাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোহেল রানা ‘ব্যাংক এশিয়া’ ম্যানেজারের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
ডেমরা থানার এসআই মো: রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনগত রাতে মোটরসাইকেলে সোহেল রানা যাত্রাবাড়ী থেকে ডেমরার দিকে আসছিলেন। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ৫১৫৬) ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহেল ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
এই দুর্ঘটনার পর চালক ঘাতক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের স্ত্রী রাতেই অজ্ঞাতনামা ওই ট্রাকচালকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
এমবি





