বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই গুম করে রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার দুপুরে গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে শামিমা পারভিন বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ সেলিম বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগে দেশে কোনো নির্বাচন হবেনা। গণতন্ত্র রক্ষার নামে বিএনপি যা করছে তা কোনো আন্দোলনের সংজ্ঞার মধ্যে পড়েনা। পেট্রোলবোমা মেরে জনগণকে হত্যা করে খালেদা জিয়া কি করে জনগনের দাবি আদায় করবেন?’
লাদেনকে ছেড়ে খালেদা জিয়া এখন আইএস-কে ধরেছেন এমন মন্তব্য করে বলেন, ‘আন্দোলনের নামে তারা সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এসব সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার অভিযোগে তাদের বিচার করা হবে। এ দেশে কোনো উগ্রবাদ, সন্ত্রাসী ও জঙ্গিবাদের ঠাই নাই।’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘৭১-এ জামায়াত ছিল যুদ্ধাপরাধীর দল, আর এখন বিএনপি হয়েছে ঘাতকের দল। স্বাধীনতা-গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা ধ্বংস করতে একের পর এক যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে খালেদা জিয়া ও তার দল। বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠার নামে যেসব সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তার প্রতিটি ঘটনার বিচার করা হবে।’
এ সময় তিনি খালেদা জিয়া আইন-আদালত মানেন না বলেও মন্তব্য করেন।
শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মেজবাহ উদ্দিন হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার হাসি, কলেজ শিক্ষক রনজিৎ কুমার মজুমদার প্রমূখ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন শেখ সেলিম।
জেআই





