সিলেটের বিয়ানীবাজারে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ইউনিয়নের কাপাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে ৩জন ঘটনাস্থলে ও ১জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সিলেটমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। ১ জনকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে নেয়ার পথে রাস্তায়ই তিনি মারা যান।
নিহতদের একজনের নাম সাব্বির ও আরেকজনের নাম দুলাল বলে জানা গেছে। তাদের দুইজনের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন চক্রবর্তী জানান, নিহত ২ জনের বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায় অন্য ২ জনের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।
এমবি





