ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ বিষয়ের আদেশের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঝালকাঠি জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়।

পৌর মেয়র আফজাল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

শহরের বিভিন্ন সরকারি বিভাগের গাছ কেটে বিক্রি, ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দেয়া এবং শহরে বৈদ্যুতিক খুঁটি স্থাপনে অনিয়মসহ পৌর কাউন্সিলদের বিভিন্ন অভিযোগে মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি খলিলুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে আগামী তিন দিনের মধ্যে পৌরসভার দায়িত্বভার প্যানেল মেয়র-১ কে বুঝিয়ে দিতে আফজাল হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পৌর সভার ১০ কাউন্সিলরের সঙ্গে মেয়রের প্রকাশ্য বিরোধ চলে আসছিলো।

জেআই