বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মেসবাহ উদ্দিন, মোসলেহ উদ্দিন ও সালমানা বেগম। তাদের মধ্যে মেসবাহ ও মোসলেহ উদ্দিনের শরীর প্রায় শতভাগ পুড়ে গেছে। তিনজনকেই দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গেন্ডারিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঢাকা মেইলকে জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠিয়েছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। তখন ওই তিনজন ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও নিশ্চিত হওয়া যায়নি, কী কারণে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আহত তিনজনই বর্তমানে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি জটিল হতে পারে।

এনএইচ