সিলেটে হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ মে) দিবাগত রাত দেড়টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত পল্লী চিকিৎসকের নাম আবুল কাশেম (৪০)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি ভাড়াবাসায় থাকতেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুল কাশেম উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এছাড়াও এ বাজারে তার ফার্মেসি ব্যবসা রয়েছে। গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে তিনি আক্রান্ত হন। আবুল কাশেম বুধবার রাত ১০টার দিকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত দেড়টার দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন।
এমবি





