রাজধানীর বাণিজ্যিক এলাকা দিলকুশার বহুতল ভবনের আগুন প্রায় ১৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়েছিল। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানানো সম্ভব হচ্ছে না।

এর আগে শনিবার বিকেল ৩টা ২২ মিনিটে ৬৩, দিলকুশার সাত তলাবিশিষ্ট আমানউল্লাহ ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ অাগুনের সূত্রপাত হয়।

এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ (৫০) চারজন আহত হয়েছেন। রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্য তিনজন হচ্ছেন— দমকলকর্মী এফ ও আজাদ, স্বেচ্ছাসেবক কাজী আনোয়ার হোসেন ও জাকারিয়া আহমেদ। তারা ঘটনাস্থলেই রেডক্রিসেন্ট মেডিকেল টিমের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভবনটিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় রয়েছে।

এএইচ