লক্ষ্মীপুর পৌর শহরে পোস্ট অফিসের সামনে ট্রাকের চাপায় কামাল হোসেন নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এই সময় ট্রাকের হেলপার আমির হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন পৌরসভার আবিরনগর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয়রা জানান, কামাল যাত্রীর জন্য পোস্ট অফিসের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক কামাল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, ট্রাকটি আটক করে পুলিশ লাইনে রাখা হয়েছে এবং ট্রাকের হেলপার আমির হোসেনকে আটক করা হয়েছে। নিহত কামালের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইআর