মধ্যরাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একটির তিন যাত্রী নিহত হওয়ার পর লঞ্চ দুটির রুট পারমিট স্থগিত করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এছাড়া উভয় নৌযানের মাস্টারদের সনদের পাশাপাশি লঞ্চ দুটির সার্ভে সনদও স্থগিত করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোহাম্মদ শামছুদ্দোহা খন্দকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই সুন্দরবন-৮ ও পারাবত-৯ লঞ্চের রুট পারমিট (চলাচলের বৈধতা) স্থগিত করা হয়েছে।

আর সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম জানান, ঘটনা তদন্তে সদরঘাটের সার্ভেয়ার (লঞ্চ পরিদর্শক) শাহারিয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এছাড়া দুটি নৌযানের মাস্টারদের সনদ এবং লঞ্চ দুটির সার্ভে সনদ ও নিবন্ধনও স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

এই লঞ্চ দুর্ঘটনায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন কোর্টে মামলার জন্য সংশ্লিষ্ট পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ফখরুল।

সোমবার রাত দেড়টার দিকে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-৯ নামের একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকামুখী সুন্দরবন-৮ লঞ্চে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হন। আহত হন আরো প্রায় ৩০ জন, যাদের দুজন পরে মারা গেছেন।

এদিকে সকাল ৯টার দিকে বরিশাল নৌ বন্দর থেকে পারাবত-৯ লঞ্চটি আটক করেছে পুলিশ।

তবে লঞ্চের মাস্টার ও সুপারভাইজারসহ সবাই পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ পারাবত-৯ এর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় অভিযোগ করেছে বলে বরিশাল কোতয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

এএইচ