ঈদের আগে সড়কে ট্রাক-কভার্ডভ্যানসহ ভারি যানবাহন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসন্ন ঈদুল আজহার তিনদিন আগে থেকে মহাসড়কে সব ধরনের ভারি যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, “জনগণকে ভোগান্তিতে ফেলে, জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ঠেলে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না বা অতিরিক্ত মালামাল নিয়ে গাড়ি রাস্তায় চলতে দেব না।”

“ঈদের তিনদিন আগে ট্রাক-কভার্ডভ্যানসহ বিভিন্ন ভারি যানবাহন রাস্তায় চলাচল করবে না। যদি চলাচল করে এবং পুলিশ যদি এসব গাড়ি পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

মন্ত্রী বলেন, “এখানে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের স্বস্তিকে ঝুঁকির মুখে ফেলে আমরা কাউকে রাস্তায় চলতে দেব না।”

এর অাগে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই মুহূর্তে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে দেশের সব সড়ক যানবাহন চলাচলের উপযোগী। এমনকি বন্যাকবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে ফেলা হয়েছে।

‘সড়কের জন্য কোথাও যানজট হবে না। এ ব্যাপারে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। যদি এর মধ্যে বৃষ্টিও হয়, সড়ক সচল থাকবে। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’

এএইচ