রাজধানী থেকে কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি আরও বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত জায়গায় ফেলবেন। আপনাদের সহযোগিতা পেলে দ্রুত নগরবাসীর জন্য পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব। এ কাজে সবাই আন্তরিক হলে আমরা ভালো পরিবেশে ঈদ উদযাপন করতে পারব।
লালকুঠি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনায় মেয়র আরও বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নের পথে অবিচল চিত্তে হেঁটে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন।
মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ সাহিদসহ দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।
এসএ





