পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত হয়েছেন। পাবনা সদর উপজেলার রামানন্দপুর গ্রামে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামানন্দপুর গ্রামের সবুজ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা উভয়পক্ষের অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করে ও একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয় বলেও জানা গেছে।
সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে দশজন আহত হয়। গ্রেফতার এড়াতে আহতরা পালিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশকিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে। পূর্বের কোনো বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত বলে জানতে পেরেছি। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
কেএইচ





