বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য খাবার দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রদলের দুই কর্মী।

মঙ্গলবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

গত ৩ জানুয়ারি থেকে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। ওই কার্যালয়ে অবস্থানকারী চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ দুপুরে নাসির উদ্দিন ও জুয়েল খান নামে আইইবির দুজন ছাত্র বিএনপির চেয়ারপারসনের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলেন। তাঁদের কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

পুলিশের একটি সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতে অবশ্য খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তাঁকে কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়নি। রাত নয়টা থেকে প্রায় ১১টা পর্যন্ত তিনি খালেদা জিয়ার কার্যালয়ে ছিলেন।

কেএইচ