লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে শেফালী (১৫) নামের গার্মেন্টকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতেনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী মাসদাইর এলাকার ফারুক আহমেদ এর মেয়ে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা ফারুক আহমেদ জানান, তারা স্ব-পরিবার নিয়ে মাসদাইর বাজার এলাকায় লিপি বেগমের বাসায় কয়েক মাস ভাড়াটিয়া ছিলেন। দুই মাস আগে ওই বাসা ছেড়ে দেওয়ার পর বদলী ভাড়াটিয়া হিসেবে এক আত্মীয়কে দিয়ে আসে। কিন্তু ওই আত্মীয় দুই মাসের ভাড়া না দিয়ে সম্প্রতি জিনিসপত্র ফেলে বাসা ছেড়ে চলে যায়।
শুক্রবার বিকালে ফারুক আহাম্মেদের স্ত্রী সখিনা বেগম ও মেয়ে শেফালী ওই বাড়িতে যায়। বাড়িওয়ালার স্ত্রী লিপি বেগম ভাড়ার টাকার জন্য তাদের মা মেয়েকে আটক করে লাঞ্ছিত করে। পরে শেফালী টাকা নিয়ে আসছে এমন কথা বলে বাসা হতে বের হলেও সখিনাকে আটক করে রাখে বাড়িওয়ালা। পরে নিজের বাসায় গিয়ে ক্ষোভে অভিমান করে শেফালী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানান ফারুক আহমেদ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই)জাহাঙ্গীর আলম জানান, ভাড়ার টাকার জন্য শেফালীসহ তার মাকে আটক করে ভাড়ার টাকা আদায়ের চেষ্টা করেছিল এমন অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
কেএইচ





