সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার ১৬৫ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পটির মাধ্যমে দেশের প্রধান প্রধান মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটগুলো ঝুঁকিমুক্ত করার কাজ শিগগিরই শুরু হবে।
বুধবার দুপুরে রাজধানীর সোয়ারিঘাট-গাবতলী সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ইতিপূর্বে বুয়েটের সমীক্ষায় সারাদেশে ২০৯টি দুর্ঘটনাপ্রবণ স্পট চিহ্নিত করা হয়েছিল। এর বাইরে আরও ২৬টি স্পট মন্ত্রণালয় চিহ্নিত করে।’
তিনি বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে ২৭টি দুর্ঘটনাপ্রবণ বাঁক ইতোমধ্যে ঝুঁকিমুক্ত করার কাজ শেষ হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় আরও কিছু স্পট ঝুঁকিমুক্ত করার কাজ এগিয়ে চলেছে।’
মন্ত্রী বলেন, ‘মঙ্গলবার একনেক সভায় ১৪৪টি স্পট ঝুঁকিমুক্ত করতে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঝুঁকিপ্রবণ এ সকল স্পটের সরলীকরণ, প্রশস্তকরণ ও ডিভাইডার স্থাপনের কাজ শুরু হবে।’
পরিদর্শনকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন, ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান ও সওজ-এর প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১১ কিলোমিটার দীর্ঘ সোয়ারিঘাট-গাবতলী সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ এগিয়ে চলছে। নভেম্বর মাসে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
জেএ





