তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন-২০১৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানে সকল ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনানুগ দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন তিনি।
জনগণের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট থাকতে মাঠ পর্যায়ের এই শীর্ষ কর্মকর্তাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের শৈথিল্য কিংবা পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত সুখী, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ আপনারাই সাধারণ মানুষের কাছাকাছি থাকেন।
জেলা প্রশাসকদের করণীয় সম্পর্কে ২৪টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নদ-নদী রক্ষায় জেলা প্রশাসকদের বিশেষভাবে তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমুক্ত খাদ্য নিশ্চিত করার প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। জেলা প্রশাসকদের পক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ ও খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল বক্তব্য রাখেন।
প্রত্যেকেই সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগীয় কমিশনারদের পাশাপাশি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, সিলেট, পাবনা, মানিকগঞ্জ, ভোলা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরার জেলা প্রশাসক মুক্ত আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুক্ত আলোচনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি ব্যাচে ভাগ হয়ে ফটো সেশনে অংশ নেবেন জেলা প্রশাসকরা। বিভাগীয় কমিশনার ও মন্ত্রী পরিষদ বিভাগের র্ঊধ্বতন কর্মকর্তারা উভয় ফটো সেশনে থাকবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় প্রধামন্ত্রীর কার্যালয়েই বসবে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম কার্য-অধিবেশন। এতে কার্যালয় সম্পর্কিত চারটি বিষয়ে আলোচনা করবেন জেলা প্রশাসকরা।
ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





