হরতাল অবরোধের নামে দেশব্যাপী মানুষ খুনের দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এড়াতে পারবেন না মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারায়ণগঞ্জ-১ আসনের সরকারদলীয় সদস্য গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হবে। খুনের দায় এড়াতে পারবেন না খালেদা জিয়া।
তিনি বলেন, যারা দেশব্যাপী নাশকতার মাধ্যমে মানুষ হত্যা করছে তাদের বিচার হবেই। কারা এর সঙ্গে জড়িত তা ইতোমধ্যে জানা গেছে। নাশকতাকারী সন্দেহে যারা আটক তাদের জবানবন্দী থেকেই এসব তথ্য বেরিয়ে এসেছে।
সরকারদলীয় এমপি শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আইন তার আপন গতিতে চলবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আইনের নিজস্ব গতিতে সেই মামলার বিচার হবে।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার, নেওয়া হবে। এসময় প্রধানমন্ত্রী বর্তমান নাশকতাকে আইএস’র মতো বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইনেই নাশকতার বিচার করার ক্ষমতা রয়েছে। তবে বিচার যেন দ্রুত হয় সেজন্য আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করবো।
জেআই





