শনিবার দিবাগত রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও এক শিশুসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটল।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সকালে ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন, তার স্ত্রী ফাহিমা এবং তাদের আট বছর বয়সী ভাগ্নি হাফছাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। পরে তাদের আইসিইউতে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আইসিইউতে শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় ৮ বছর বয়সী হাফছা।

এরপর শুক্রবার সকাল ৬টার দিকে শরীরে ৫০ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মো. শাহীন (২৪)। গতকাল রাত ১১টার দিকে শরীরে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ ফাহিমা।

দগ্ধ শাহীন একটি দোকানে কর্মচারী ছিলেন। পরিবার নিয়ে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোড ছয় তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।

এনএইচ