রাজধানীর মতিঝিলে জামিলা দারুল উলুম মাদরাসার মসজিদ থেকে আব্দুর রহমান (১৮) নামে একজন ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে লাশটি উদ্ধারের পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
নিহত আব্দুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার তালগাছী গ্রামের নুরুল হকের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
মাদরাসার শিক্ষক হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে কয়েকজন ছাত্র মাদরাসার মসজিদের তৃতীয় তলায় পড়ালেখা করছিল। রাত ১২টার পরে ছাত্ররা যে যার রুমে চলে যায়।
তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে আব্দুর রহমানকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ডাকাডাকিতে তার ঘুম না ভাঙায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমজাদ আলী জানান, ওই মাদরাসাছাত্রের মৃত নিশ্চিত জেনেই শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আসার পর তারা বলেন, আব্দুর রহমান শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে।
শিক্ষকদের মিথ্যা তথ্যের কারণে ওই মাদরাসাছাত্রের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এআর





