ঈদের আগে সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী করার জন্য বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, আরো দুই-একদিন লাগবে। বেধে দেওয়া সময়ের মধ্যে সারা দেশের ৮০ শতাংশ সড়কের মেরামত কাজ শেষ হয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী।

সোমবার রাজধানীর মগবাজার এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শতকরা ৮০ ভাগ কাজ সফলভাবে শেষ হয়েছে। যারা কাজে গাফিলতি করছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশে ২০ শতাংশ কাজ বাকি আছে দাবি করে তিনি বলেন, এই কাজ দুই-এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

সড়ক পরিস্থিতি নিয়ে গত ১১ জুলাই এক আন্তমন্ত্রণালয় সভায় রাজধানীসহ সারা দেশের সব সড়ক-মহাসড়ক ২০ জুলাইয়ের মধ্যে মেরামত করার নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী। এ বিষয়টি মনে করিয়ে দিলে মন্ত্রী বলেন, সাত দিনের টার্গটে যে সব কাজ শেষ হবে তা ঠিক নয়। কেউ তো আর বসে নেই। আপাতত জোড়াতালি দিয়েই চলতে হবে।

মন্ত্রী আশ্বাস দেন, বিভিন্ন মহাসড়ক চার লেনে সম্প্রসারণসহ যেসব সংস্কার কাজ চলছে, সেসব সমস্যা আগামী বছর আর থাকবে না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ যে অংশে শেষ হয়েছে, তা ইতিমধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

ঈদের আগে সড়কের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনেরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, কিছু পত্রিকায় চার বছর আগের রাস্তাঘাটের ছবি দিচ্ছে, নিউজ করছে। আমি এর কোনো প্রতিবাদ করব না। আল্লাহ তাদের হেদায়েত করুন। যানজট আর কাদার মধ্যে মগবাজরের অবস্থা ঘুরে দেখার পর মন্ত্রী বলেন, যাত্রাবাড়ীর পরিস্থিতির উন্নতি হয়েছে। মগবাজারের পরিস্থিতির আরেকটু উন্নতি করতে হবে।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই