নাটোরে হিযবুত তাওহীদের তিন সদস্যদের জামিন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মুন্নির আদালতে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে ছদ্মবেশে দৈনিক বজ্রকন্ঠের সাংবাদিক পরিচয়ে আসামিরা গোপন বৈঠকে মিলিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক আ ফ ম আছাদুজ্জামান জানান, আসামিরা নাশকতা সৃষ্টিসহ অপরাধ সংগঠনের জন্য একত্রে মিলিত হয়েছিল।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মিথ্যা অনুমতিপত্র দেখায়। পরে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এ সময় সভায় ভিডিও চিত্র প্রদর্শনের ব্যবহৃত সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, ব্যানার ও লিফলেট জব্দ করা হয় বলেও জানান তিনি।
হিজবুত তাওহীদ সদস্যরা হলেন- জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুর সবুর খান, লোটাবাড়িয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও ঝিনাইদহ জেলার যাদবপুরের নওশের আলীর ছেলে নুহু মুনশী।
মঙ্গলবার আদালতে শুনানিকালে পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাসির আসামিদের জামিনের আবেদনের বিরোধিতা করে জানান, আসামিরা পুলিশের কালো তালিকাভুক্ত।
অপরপক্ষে আসামি পক্ষের আইনজীবী নাজমুল হোসেন দাবি করেন, আটককৃতরা সম্পূর্ণ নির্দোষ পুলিশ তাদের হয়রানির জন্য গ্রেফতার করেছে।
কেএইচ





