চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুরে মা’কে হত্যা করে কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণকারী আনোয়ার হোসেন ওরফে আনুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১০ টার দিকে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার চৌগাছা উপজেলার বাদেখান পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাতে দামুড়হুদা থানার শিকদার মশিউর রহমানের নেতৃত্বে এস আই মিজানুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে আনোয়ার হোসেন ওরফে আনুকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে ৭-৮ জন দুর্বৃত্ত দর্শনা আজমপুর মসজিদপাড়ায় ব্যবসায়ী আব্দুল কাদেরের বাড়িতে হানা দেয়। এ সময় তার কলেজ পড়ুয়া মেয়ে জোৎস্না খাতুনকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তহমিনা খাতুন বাধা দেয়। অপহরণকারীরা মায়ের দু’পায়ের রগ কেটে হত্যা করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

রাতেই নিহতের স্বামী আব্দুল কাদের বাদী হয়ে দামুড়হুদা থানায় তার তালাকপ্রাপ্ত জামাতাসহ ৫ জনের নামে মামলা দায়ের করে। ২৭ জুন ভোরে যশোর চৌগাছার গোয়াতলী গ্রামের একটি তালাবদ্ধ ঘর থেকে অপহৃত মেয়েকে উদ্ধার করে পুলিশ।

ঢাকা, ১০ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ