ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী ও শিবির নেতা শামিম হোসাইনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শনিবার সকাল সাড়ে ৭টায় শাখা সভাপতি হাসান জারিফের নেতৃত্বে বাড্ডার নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জারিফ বলেন, অবৈধ সরকার বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গোপন কিলার বাহিনী দিয়ে একের পর এক মেধাবী ছাত্রদেরকে গুম এবং হত্যা করে যাচ্ছে। বিরোধী পক্ষকে নির্মুলের এমন হিংস্র ও হিংসাত্মক কর্মকান্ডের আমরা ধিক্কার জানাই। ইতিহাস বলে এমন হিংসাত্মক হত্যার রাজনীতি দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বরং পতন ত্বরাণ্বিত হয়েছে।
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ৪০ বছর আগের কথিত মানবতাবিরোধী অপরাধের বিচার এদেশে সংগঠিত হতে পারলে বর্তমানের গুম হত্যার মত নৃশংস মানবতাবিরোধী অপরাধের বিচারও একদিন হবে। শুধু তাই নয়, আজকে এমন নৃশংস মানবতাবিরোধী কর্মকান্ড প্রত্যক্ষ করেও যেসব মানবতাবাদীরা মুখে কুলুপ এঁটে বসে আছেন তাদেরকেও একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি সরকারকে অবিলম্বে গুম হত্যার রাজনীতি পরিহার করে মেধাবী ছাত্র হত্যা বন্ধের আহ্বান জানান।
এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি জে. মাহমুদ, দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, সাহিত্য সম্পাদক মনোয়ার হোসেন, আইন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ঝিনাইদহের শিবির নেতা আবু জর গিফারিকে এবং ২৫ মার্চ শিবির নেতা শামিম হোসাইনকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত ১৩ এপ্রিল যশোরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এমবি





