দু’দিন বিরতির পর বিকেলে বসছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম কার্য দিবস। রোববার বিকেল সাড়ে ৪ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯ টায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠক রোববার বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী আজ প্রথমেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরপূর্ব। এছাড়া রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাগত ভাষণ দেন। এবারই প্রথশবারের মতো জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে। আর বিরোধী দলের নেতা হলেন রওশন এরশাদ।  
নতুন ধারার এ সংসদে প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বর্জন করায় শুরু থেকেই সংসদ অধিবেশন জমাতে পারছেন না এবারের বিরোধী দল। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে সরকারের ছাত্র সংগঠনের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে সমালোচনা করতে গিয়ে বিপাকে পরে বিরোধী দল। নিজেদের অতীত কর্ম নিয়ে সরকারি দলের সমালোচনায় আর মুখ খোলেনি বিরোধী দল।
নতুন ধারার এ সংসদে স্বতন্ত্র এমপিদের নিয়ে আলাদা জোট গঠন করা হয়েছে। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম এমপির সভাপতিত্বে এ জোট সংসদ প্রাণবন্ত রাখতে কাজ করছে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]