সরকার নতুন দু'টি উপজেলা এবং পৌরসভা গঠন ও একটি পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত হয়।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানা ও সিলেটের ওসমানী নগর থানাকে উপজেলায় উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদর এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাটে একটি করে পৌরসভা স্থাপনের অনুমোদন দিয়েছে নিকার।
লক্ষ্মীপুর জেলার সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে ওই কমিটি।
জিয়াউল আলম বলেন, ‘তিনটি ইউনিয়নের ৪৪ হাজার ২০২ জন লোকসংখ্যা নিয়ে ১১৫ বর্গ কিলোমিটার নিয়ে নতুন গুইমারা উপজেলা গঠিত হবে। ২২৪ দশমিক ৫৪ বর্গকিলোমিটার আয়তনের নতুন ওসমানী নগর উপজেলায় ৮টি ইউনিয়নে জনসংখ্যা দুই লাখেরও বেশি।’
স্থানীয় সরকার (পৌরসভা) আইন,‘২০০৯ অনুসারে দেবীগঞ্জ পৌরসভার লোকসংখ্যা ৫০ হাজার। নাজিরহাট পৌরসভাতেও একই সংখ্যার জনসংখ্যা হবে।’
নবগঠিত চন্দ্রগঞ্জ থানার জন্য অতিরিক্ত ২৪টি পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন,‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে এ থানা স্থাপন করা হয়েছে।
এই থানার ইউনিয়ন সংখ্যা ৯টি, আয়তন ২০৩ দশমিক ৮২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হবে তিন লাখের বেশি।’
[b]ঢাকা, কেএ, ২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]