নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সাহাসহ আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের গাড়িচালক মহিব উল্লা মাসুদ (৩৫) ও তার শ্যালক সম্রাটকে (২০) নোয়াখালী থেকে আটক করা হয়েছে।
জেলার সেনবাগ থানাধীন বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রামে সেনবাগ থানা ও নারায়ণগঞ্জ গোয়েন্দা (সিআইডি) পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে দু’জনকে আটক করে।
শনিবার দিনগত রাতে নারায়ণগঞ্জ পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চালক মাসুদের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার লাউতলী গ্রামের সিরাজ মিয়ার মেয়েকে বিয়ে করেন। সম্প্রতি নারায়ণগঞ্জে আলোচিত সেভেন মার্ডারের পর পুলিশের ধরপাকড় অভিযান শুরু হলে মাসুদ তার শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়।
শনিবার সন্ধ্যার দিকে সেনবাগ থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের একটি টিম মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রামের সিরাজ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করতে সক্ষম হয়।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, সেনবাগ ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিরাজ মিয়ার বাড়ি থেকে ২ জনকে আটক করে।
আটকদের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদেরকে কী কারণে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত বলেনি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান,নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের একজন সহকারী পুলিশ সুপারের (এএসপি) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় বেগমগঞ্জ থেকে মাসুদ ও সম্রাট নামের ২ জনকে আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না।
[b]ঢাকা,১১ মে (টাইম নিউজ বিডি)/কেএ[/b]