নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার চার সহযোগী অপহরণের মামলার অন্যতম আসামি আ'লীগ সেক্রেটারী ইয়াসিন মিয়ার বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে সিদ্দিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত তার বাড়িতে আগুন দেওয়া হয়।
এ সময় ইয়াসিন মিয়ার পরিবারের কেউ সেখানে ছিলেন না।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেনের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
কার্যালয়ের পাশে থাকা মেলার নামে চলা অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের প্যান্ডেলও ভাঙচুর করে আগুন দেয় জনতা। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে অপহৃত কাউন্সিলর নজরুলসহ ৬ জনের লাশ বুধবার বন্দর থানার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।
একই সড়ক থেকে প্রায় একই সময়ে অপহৃত হন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।
নজরুলের পরিবারের অভিযোগ, বিরোধের জের ধরে নূর হোসেন ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। রবি ও সোমবার নূর হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তবে মঙ্গলবার থেকে তার মুঠোফোন বন্ধ থাকায় চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ