নারায়নগঞ্জে চাঞ্চল্যকর সাত অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটি নারায়ণগঞ্জে গেছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে এই কমিটি ঘটনাস্থল জেলার চর ধলেশ্বরীতে শীতলক্ষ্যা নদী পরিদর্শন করেন।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখান থেকে তাঁরা শীতলক্ষ্যা নদীর তীরে যেখানে লাশগুলো ভেসে ওঠে সেখানে যান।
সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র‌্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন।
এ কমিটি অপহরণের সঙ্গে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদঘাটন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখবে। এরপর সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করবে কমিটি।
এর আগে গত ২৭ এপ্রিল আইনজীবী চন্দন সরকার ও গাড়ি চালকের অপহরণের পর তাঁর ভাগনে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু পরে তাঁর জামাতা চিকিৎসক অরুণাভ সরকার বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা করেন। মামলার তারিখ দেখানো হয়েছে ৭ মে। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাত অপহরণকারী ও খুনিরা যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাব-১১ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগসহ সার্বিক বিষয়ে তদন্ত করতে হাইকোর্টের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান মোল্লাকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন, আইন মন্ত্রণালয়ের ২ জন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জনকে (উপ-সচিব) সদস্য করা হয়েছে। তদন্ত কমটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাব-১১ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগসহ সার্বিক বিষয়ে তদন্ত করতে সরকারকে এবং বিভাগীয় তদন্ত করতে র‌্যাবকে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে ওই আদেশ দেন।
নারায়ণগঞ্জের সাতজনকে হত্যার ঘটনায় ৬ কোটি টাকার লেনদেনের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামীম সরদার। এরপর আদালত এই আদেশ দেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]