আর্থিক ও সামষ্টিক কাঠামোর সমন্বয় না থাকায় বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার রাজধানীর মহাখালিতে অবস্থিত ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
সিপিডি আরো প্রস্তাব দেন, আর্থিক খাতের সংস্কারের জন্য- কৃষি খাতের কৃষি মূল্য কমিশন গঠন, স্বাধীন পরিসংখ্যান কমিটি গঠন, স্থানীয় সরকার অর্থায়ন কমিশন গঠন ও সরকারি ব্যয় কমিশন গঠন করা দরকার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজেট বাস্তবায় করা সম্ভব না। পাশাপাশি আর্থিক খাতে সংস্কার আনতে হবে।
তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয় ভাগ থেকে অর্থনীতি স্লথ হওয়া শুরু হয়েছে। এর কারণ হলো বর্তমান সরকারের আমলে আমরা যে ধরনের উদ্যম আশা করেছিলাম তা পূরণ হয়নি। দেশ থেকে টাকা বাইরে (বিদেশ) চলে যাচ্ছে। টাকা পাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
এ বাজেটের মাধ্যমে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বর্জন করা হয়েছে। ৭ম ও ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার কোনো ইঙ্গিতও ছিল না বাজেটে। নির্বাচিত সরকারের প্রথম বাজেট হিসেবে বড় ধরনের উদ্দীপনামূলক কিছু ছিল না।
কালো টাকাকে সাদা করার প্রস্তাবের সমালোচনা করে ড. ভট্টাচার্য্য বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় কালো টাকা সাদা করার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। অর্থাৎ নীরবতার মধ্য দিয়ে কালো টাকা সাদা করার সম্মতি দিয়েছেন তিনি। এটি ঠিক হয়নি। এটি বৈপরীত্যের নীতি।
নতুন অর্থবছরের (২০১৪-১৫) প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার যৌক্তিকতা নেই বলেও মনে করছে সিপিডি।
[b]ঢাকা, ০৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]