দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামী ৩ জুন শুরু হবে। ইতিমধ্যে সংসদ অধিবেশন আহবানের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করে রাষ্ট্রপতির দপ্তরে এ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহবান করতে পারেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। পাঁচ জানুয়ারির আলোচিত নির্বাচনের মাধ্যমে গঠিত চলতি সংসদের প্রথম অধিবেশন ১০ এপ্রিল শেষ হয়। আগামী অধিবেশন হবে এই সংসদের দ্বিতীয় অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৫ জুন সংসদ অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। এটা হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। আগামী ৩০ জুন সংসদে আলোচনা শেষে নতুন বাজেট পাস হবে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]