কুষ্টিয়ার এক নব বধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী রুবেল। নিহত নব বধুর নাম কুমকুমি খাতুন শম্পা (১৯) বলে জানা যায়।
মঙ্গলবার ভোরে মিরপুরে উপজেলার কবরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশি সূত্রে জানা যায়, স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ নিহত শম্পার স্বামী রুবেল ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে।
নিহতের পিতা তাঁতিবন্ধ গ্রামের আব্দুল কুদ্দুস জানান,  ৩ মাস পূর্বে পারিবারিক ভাবে কবরবাড়ী গ্রামের শের আলীর ছেলে রুবেলের (২৫) সাথে কুমকুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল, তার ভাই সোহেল, বাবা শের আলী ও মা মুনি খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা যৌতুকের দাবিতে শম্পাকে মারপিট ও শারীরিকভাবে নির্যাতন করতো। এ ঘটনায়র জের ধরে তারা রাতে শম্পাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে তিনি অভিযোগ করেন।
এদিকে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে স্বামী রুবেলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
নিহতের পিতা বাদী হয়ে রুবেল ও তার মা বাবা ও ভাইসহ ৪জনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]