[b]ঢাকা:[/b] গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনটি অন্যান্য সময়ের মতো স্বাভাবিক ছিল না। ছিল ব্যাপক অস্বাভাবিকতা, আপত্তি। এরপরও হয়ে গেল নির্বাচন। এ নিয়ে দেশের ভিতরে তো সমালোচনা-বিরোধ রয়েছেই। নির্বাচনকে কেন্দ্র করে দেশ কার্যত অচল হয়ে রয়েছে। দেশবাসী ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কেও এবারের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ মনোযোগ দিতে দেখা গেছে। তাদের এ মনোভাব প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। সেসব ৫ জানুয়ারির পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কীভাবে দেখেছে আমাদের নির্বাচনকে, তা জানার জন্যই আমাদের এ আয়োজন-
বাংলাদেশে নির্বাচন নিয়ে কড়া সমালোচনায় মুখর বিশ্বমিডিয়া। রোববার সকাল থেকেই বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিদেশি সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের এক তরফা নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
ভোটকেন্দ্র দখল,অগ্নিসংযোগ,ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্যে দিয়ে রোববার সকাল ৮টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। বিরোধীদলহীন এ নির্বাচন পরিণত হয়েছে সহিংসতা আর গ্রেফতারের নির্বাচনে। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফিনান্সিয়াল টাইমস অনলাইন সংস্করণে এই মন্তব্য করেছে।
পত্রিকাটি জানায়,গত এক সপ্তাহেই বাংলাদেশে একশ’র বেশি মানুষ এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এই নির্বাচনকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন। দেশে এবং বিদেশে এ নির্বাচন বৈধতা পাবে না বলেও জানান তিনি। বিএনপির সমর্থকরা জানান,খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার।
‘বাংলাদেশের নির্বাচনে বর্জন,সহিংসতা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী এসোসিয়েট প্রেস (এপি) রোববার অনলাইন সংস্করণে বলেছে,বাংলাদেশে বিরোধী দলের বর্জনের নির্বাচনে বিরোধীদের উপর গুলি চালিয়েছে পুলিশ এবং ১০০টি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। যা নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচনে’ পরিণত করেছে। একই মত দিয়েছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,বাংলাদেশের বিরোধীদলের বর্জনের এ নির্বাচনে চলছে সহিংসতা। শুধু রোববারেই চারজন মারা গেছে।