মাগুরা সদর উপজেলায় খালা-ভাগনিকে অপহরণের ৩ দিন পর মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে অজ্ঞাত স্থান থেকে বিকাশের মাধ্যমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে অপরহরণকারীরা।
এরআগে শুক্রবার সকালে সদর উপজেলার মাঝাইল গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতর মা জানান, শুক্রবার সকালে তার মেয়ে সদর উপজেলার বাড়িয়ালা গ্রামে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। সেদিন থেকেই তারা নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সোমবার বিকেলে একটি মোবাইল ফোন থেকে সাথীর বাবার মোবাইল ফোনে জানানো হয়, সাথী ও রেশমা তাদের হেফাজতে রয়েছে।
তাদের ছাড়িয়ে নিতে হলে বিকাশ (০১৮২৭১০২২৩৪/ ০১৭৪৪৩০৭৮৩৮) নম্বরে দুই লাখ টাকা পাঠিয়ে দিতে হবে। টাকা না পাঠালে তাদের হত্যা করা হবে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় সোমবার সন্ধ্যায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম জানান, অপহরণের অভিযোগ পেয়ে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
[b]মাগুরা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]