বগুড়ায় সৎ মাকে ছুরিকাঘাত করে খুন করেছে ছেলে আশরাফুল ইসলাম (২০)। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ তাকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ফুলকোট এলাকার মো. বাবলু দ্বিতীয় স্ত্রী।
শাজাহানপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টার দিকে সৎ্ মা মোমেনা বেগমের সঙ্গে ছেলে আশরাফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আশরাফুল তার কাছে থাকা ছুরি দিয়ে মোমেনার বুকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়।
আশরাফুল জানান, সৎ মা মোমেনা বেগম খাওয়া-দাওয়া থেকে শুরু করে নানা বিষয়ে তার সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার করতেন। তাই রাগের মাথায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
আশরাফুলের বাবা বাবলু মিয়া জানান, তার স্ত্রী কখনও আশরাফুলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। তবে ছেলে মাদকাসক্ত হওয়ায় রাগের মাথায় এ ঘটনা ঘটিয়েছে।
প্রতিবেশীরা জানান, মোমেনা বেগম নিজের সন্তানের মতোই তার সৎ ছেলে-মেয়েদের দেখাশুনা করতেন। নেশা করতে নিষেধ করতেই আশরাফুল এ হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল হাসান।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]