প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে না আসলে নিজেরাই নিজেদের জালে বন্দী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট আয়োজিত “ইসলামের দৃষ্টিতে সাম্প্রদায়িক সহিংসতা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা দেশে প্রতিহিংসার রাজনীতি করছে, তা থেকে বেরিয়ে না আসলে তারা নিজেদের ফাঁদে নিজেরাই বন্দি হয়ে যাবে।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামের নামে মানুষের রগ কাটছেন, মানুষ হত্যা করছেন এটা  ইসলামের সঠিক কাজ নয়। অবরোধ-হরতালের নামে পেট্রলবোমা ছুঁড়ে দেশের কোনো উন্নয়ন হচ্ছে কি? যদি না হয় তাহলে দেশের মঙ্গল ও কল্যাণ হয় সে পথেই ফিরে আসুন। নইলে সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙ্গে দেয়া হবে।
ফজলে রাব্বি প্রশ্ন রেখে বলেন, যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে, সংখ্যালঘুদের জমি দখল করছে, তাদের ঘরে লুটপাট করছে, এরা কারা। তারা যদি দাবি করে মুসলমান তাহলে আমরা কারা।
সংগঠনের চেয়ারম্যান মাসউদুর রহমান বিক্রমপুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন পরিচালনা কমিটির সাবেক সদস্য রুহুল আমিন নিজামী, মাওলানা জাকির, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অধ্যক্ষ সুজাউল হোসেন বাবুল প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]