logo
Search

গণমাধ্যম

ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে বড় ধরনের উন্নয়ন হলেও তা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না। বর্তমানে রাজনীতিতে ভালো ও মেধাবী তরুণদের অংশগ্রহণ কমে যাওয়ায় নেতৃত্বের সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের অনাস্থাও বেড়েছে।

তিনি বলেন, মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামো, গ্যাস ও শিল্পায়নের পাশাপাশি যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ভালো উপাদান থাকলেও দক্ষ নেতৃত্ব ছাড়া যেমন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ রাজনীতিতে না এলে উন্নয়নের সুফলও দীর্ঘস্থায়ী করা কঠিন।

বরিশালের ঐতিহ্য ও রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, এ অঞ্চল থেকে অতীতে বহু গুরুত্বপূর্ণ নেতা দেশের নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্ব উঠে আসা প্রয়োজন।

তিনি বলেন, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে তাদের জন্য একটি অনুকূল রাজনৈতিক পরিবেশও তৈরি করা জরুরি।

তথ্যমন্ত্রীর মতে, তরুণদের একটি অংশ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার পাশাপাশি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে দেশের মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করেন, তাহলে সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসার পথ তৈরি করে দেওয়া। ভালো নেতৃত্ব তৈরি করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা উন্নয়ন ও অবকাঠামোও ধরে রাখা কঠিন হবে।

এস