গরিব নাগরিকদের মামলার ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে  জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, আগামীকাল (সোমবার) জাতীয় আইনগত সহায়তা দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘গরিবের মামলার ভার বহন করে সরকার’। দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য আইনি সেবার প্রতি খেয়াল রেখেই এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ২০০৯ সালে আর্থিকভাবে স্বচ্ছল নয় এমন ৯ হাজার ১৬০ জন, ২০১০ সালে ১১ হাজার ২৬৬ জন, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০জন এবং ২০১৩ সালে ১৯ হাজার ৪৯৩ জন আইনি সহায়তা পেয়েছেন। এই পাঁচ বছরে মামলা নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৮৯৫টি।
এছাড়া শ্রমিক আইন সহায়তা সেলের মাধ্যমে ৮২৯ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন।
অ্যাডভোকেট আনিসুল হক সংবাদ সম্মেলনে আরও জানান, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে র্যা লি, সভা, সেমিনার, রক্তদান কর্মসূচি রয়েছে।
সংবাদ সম্মেলনে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]