হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর  বুধবার র‌্যাবের অভিযানে একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছে। সুড়ঙ্গের ভেতরে পাকা ঘরে পাওয়া গেছে ওষুধ ও পুরোনো কাগজপত্র। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) অভিযানে অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার পর আতঙ্কে গ্রাম ছেড়েছে পাশের ত্রিপুরা পল্লির মানুষজন।
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান অভিযানস্থলে সংবাদ ব্রিফিংয়ে জানান, আজ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সেই সুড়ঙ্গের পাকা ঘরে ওষুধ, কাগজপত্র ও ইউনিফরম পাওয়া গেছে। এছাড়া আজ আরেকটি বাংকার পাওয়া গেছে। তবে এখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। গতকাল খোঁজ পাওয়া একটি বাংকার থেকে কামান বিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401887409.jpg[/img]
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গতকাল ও আজকের অভিযানে এ পর্যন্ত ২৫০টি রকেট লঞ্চার, সমপরিমাণ চার্জার, দুই শতাধিক মর্টার শেল ও ১১ হাজার গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান চলবে বলে জানিয়েছেন র‌্যাবের এই দুই কর্মকর্তা।
সাতছড়ি বনাঞ্চলে ঢোকার মূল ফটকের পাশে আছে একটি ত্রিপুরা পল্লি। এখানে প্রায় ৬০-৭০টি পরিবারের বাস। আছে অর্ধশতাধিক বসতঘর। এই পল্লিতে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ বাড়িতে লোকজন নেই। ঘরের বাইরে তালা ঝুলছে। আর কয়েকটি বাড়িতে আছেন শুধু বৃদ্ধ-বৃদ্ধারা। আতঙ্কে এই পল্লির লোকজন অন্যত্র চলে গেছে।
মঙ্গলবার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযান চালিয়ে ৭টি বাংকারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি বাংকার থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও গোলা উদ্ধার করে র‌্যাব।
গতকাল র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের (অপারেশন) নেতৃত্বে র‌্যাব-৯-এর ২৫০ সদস্য ওই অভিযান শুরু করেন। দিনভর অভিযানে উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে দুই শতাধিক রকেট লঞ্চার, ট্যাংকবিধ্বংসী বিস্ফোরক, মর্টার শেল, রকেট লঞ্চারের চার্জার, অয়েলসহ অন্যান্য অস্ত্রশস্ত্র?
ভারতের ত্রিপুরা সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে সাতছড়ি জাতীয় উদ্যানটির অবস্থান। এ এলাকায় স্থানীয় লোকজনের যাতায়াত খুবই কম? উদ্যানের ভেতর দুটি টিলার একটিতে দুটি ও অপরটিতে পাঁচটি বাংকারের সন্ধান পাওয়া যায়। সেখানে সন্ত্রাসীদের কোনো ঘাঁটি আছে কি না, তার অনুসন্ধান চলছে?
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]