কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাইকে গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফে তাদের বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়াবা ব্যবসায়ীদের নামের যে তালিকা পাওয়া গেছে। ওই তালিকায় বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ তার পাঁচ ভাইয়ের নাম রয়েছে।
তার অন্য ভাইয়েরা হলো- আবদুল আমিন, মৌলভী মুজিব, আবদুস শুক্কুর, মো. শফিক ও মো. ফয়সাল।
এই তালিকায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে রাশেদ মাহমুদের নামও রয়েছে। এ কারণে তাদের গ্রেফতারে বাড়িতে বাড়িতে অভিযান চালানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ও পুলিশের পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালায়।
ওসি মুক্তার হোসেন জানান, রাত দুইটার দিকে বদির ভাই শুক্কুরকে গ্রেফতারের জন্য টেকনাফ পৌরসভার অলিয়াবাদের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। একই সময় তাদের আরেক ভাই মো. ফয়সালের পৌরসভার চৌধুরীপাড়ার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।
ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেল এলাকায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে তার ছেলে রাশেদ মাহমুদের খোঁজে অভিযান চালায় পুলিশ।এ সময় রাশেদকে পাওয়া যায়নি।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]