আসামির বাবা হওয়ায় আবু রায়হান নামের এক ব্যক্তির দোকানে তালা দিয়েছে রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশ। এরপর থেকেই বন্ধ রয়েছে নগরীর উপকণ্ঠ বায়া এলাকার রায়হান টেইলার্স নামের ওই দোকানটি।
দোকান মালিক আবু রায়হান ওই এলাকার জামায়াত কর্মী মাসুমের বাবা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বায়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ককটেল হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুম।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত কর্মী মাসুমের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের না পেয়ে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। দু’দিনের মধ্যে যোগাযোগ করতে বলে। অন্যথায় পরিবারের সদস্যদের আটক করে থানায় নিয়ে যাবার হুমকি দিয়ে যায়।
অভিযোগ রয়েছে, এর আগে ওই মামলার আসামিদের গ্রেফতারের নামে ওই এলাকায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় পুলিশ। এ সময় আসামিদের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারপিট ও লুটপাট চালিয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরুল করীম চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করেন শাহমখদুম থানার ওসি হাফিজুর রহমান টাইম নিউজ বিডিকে জানান, অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর উপকষ্ঠ বায়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন।
ওই দিন রাতেই পুলিশ বাদি হয়ে শাহমখদুম থানায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করে দু’টি মামলা দায়ের করে। এরা সকলেই স্থানীয় ১৮ দল কর্মী। সব মিলিয়ে এ পর্যন্ত ওই মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
[b]রাজশাহী,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
শ্রেণীহীন
আসামির বাবা হয়েছে বলেই দোকান খোলা নিষেধ!
আসামির বাবা হওয়ায় আবু রায়হান নামের এক ব্যক্তির দোকানে তালা দিয়েছে রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশ। এরপর থেকেই বন্ধ রয়েছে নগরীর উপকণ্ঠ বায়া এলাকার রায়হান টেইলার্স নামের ওই দোকানটি





