[b]লক্ষ্মীপুর:[/b] জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় দখল করে নিজেদের দলীয় ব্যানার ও পোস্টার ঝুলিয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অপরদিকে সদর উপজেলার জকসিন উত্তর বাজার করিম মার্কেটে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা আনোয়ার হোসেন কাজলের ব্যক্তিগত কার্যালয় ও মার্কেটের সামনে বিএনপি দলীয় বেশ কয়েকটি ব্যানার ও পোস্টার ছিড়ে ও ভাঙচুর করে শাসক দলের নেতাকর্মীরা ।
এ ঘটনায় উভয়দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে চরগাজীর ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা জকসিন বাজার ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মীর রোডে এ ঘটনা ঘটে।
রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জামাল উদ্দিন জানান,রামগতি বাজার সংলগ্ন মীর রোডের পাশে অবস্থিত চরগাজী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নেয়। এ সময় তারা কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড সরিয়ে আওয়ামী লীগ নেতাদের ছবি,ব্যানার ও পোস্টার ঝুলিয়ে দেয়। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের দায়িত্বশীল কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় লোকজন জানায়,সরকারি খাস জমি দখল করে বিএনপির দলীয় কার্যালয় স্থাপন করা হয়। দীর্ঘদিন থেকে বিএনপি ওই কার্যালয় থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করতো। সকালে স্থানীয় আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী এসে বিএনপির অফিসের সাইনবোর্ড সরিয়ে তারা ওই কার্যালয়ে অবস্থান নেয়।এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে।
বাংগাঁ খাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল জানান,আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অফিসে ডুকে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বেশ কয়েকটি বিএনপি দলীয় ব্যানার পোস্টার ছিড়ে ফেলে তারা।
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানান।
রামগতি বড়খেরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।





