চিকিৎসক ও নার্সদের আরো বেশি সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে মন্তব্য করে বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। তাই যাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানেই সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। তা না হলে তার বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাইদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী-পরিচালক ডা. নুর মোহাম্মদসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।  
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]